সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা-গুম নিয়ে অপপ্রচার চলছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৩:১২ এএম

বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গুম নিয়ে দেশে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘সরকার চায় না কেউ গুম হোক, বিচারবহির্ভূত হত্যার শিকার হোক। এমন ঘটনা ঘটলে সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। সরকার বিচারবহির্ভূত কোনো হত্যাকান্ড ঘটায় না।’

গতকাল শনিবার সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নানা বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে অযথাই মিডিয়ার লোকজন ছুটে যায়। অথচ বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুবই সামান্য। আমরা অত পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?’ 

এর আগে সাহেব বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের চারতলা ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার আলো সবখানে ছড়িয়ে দিতে হবে। শিক্ষাই পারে সমাজের সব অন্ধকার দূর করতে। মানবিক সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।’

সাহেব বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

সিলেটে মেয়েদের খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। তারপরও স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে বলে আমি আশাবাদী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত