নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (৩০), নুরুদ্দিন (৪৫), জামাল (৪২) ও অজ্ঞাত এক পুরুষ (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।
তিনি বলেন, রোববার সকালে শিমরাইল এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক ও যাত্রীরা। ঘটনার পরপর স্থানীয়রা অটোরিকশার এক যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৪ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। ১ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
