উড়ন্ত হালান্ডের দুর্দান্ত ফর্মে আরও এক জয় সিটির

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:২৯ পিএম

বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করা অতো সহজ ব্যাপার নয়। তবে আর্লিং হালান্ড সেই কঠিন কাজটাকেই সহজ করে ফেলেছেন। ইপিএলে কিছুতেই তার গোলের লাগাম টানা যাচ্ছে না। এই নরওয়েজিয়ান ‘গোলমেশিন’ ম্যানচেস্টার সিটির জার্সিতে ২০তম গোলের দেখা পেয়ে গেলেন।

তার নৈপুণ্যে আরও একটি বড় জয়ের দেখা পেল পেপ গার্দিওলার সিটি। সাউদাম্পটনকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছেন হালান্ডরা।

ইতিহাদে শুরু থেকেই আক্রমণ চালায় সিটি। ম্যাচের ২০ মিনিটে মিনিটে ফোডেনের পাসে সিটিকে এগিয়ে দেন হুয়াও কানসেলো। এরপর ৩২ মিনিটে নিজে গোল করেন ফোডেন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহরেজ। রদ্রির ক্রসে দুর্দান্ত এক ভলিতে সাউদাম্পটনের জালভেদ করেন তিনি। তবে স্বাগতিক দর্শকদের অপেক্ষা আর দীর্ঘ করেননি হলান্ড।

৬৫মিনিটে বক্সের ভেতর বাঁ দিক থেকে কানসেলোর পাসে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। ঘরের মাঠে টানা তিন হ্যাটট্রিকের পর এবার এক গোলেই খুশি থাকতে হয় তাকে।

বড় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পেপের দল। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিনে থাকা টটেনহামের সংগ্রহ ৯ মাচে ২০ পয়েন্ট। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।  সাউদাম্পটন ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে ষোলোতম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত