প্রেমের সম্পর্কে খুন হন স্কুলছাত্র সাগর, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৯:১০ এএম

নেত্রকোনার বারহাট্টার উপজেলায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাগর মিয়া (১৭) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি হিরণ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের অভিযানকারী দল। তাকে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ‘জে’ ব্লকের ১২ নম্বর রোডের ৩৬৪ নম্বর নির্মাণাধীন বাড়ি হতে আটক করা হয়েছে।

সাগর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি হিরণ মিয়া নেত্রকোনা বারহাট্টা উপজেলার গাবারকান্দা (নয়নগর) গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

ভিকটিম সাগর মিয়া জেলার কলমাকান্দা থানাধীন রামপুর গ্রামের সাহারালী ওরফে সাহর আলীর তৃতীয় ছেলে এবং পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাউসি এলাকায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রবিবার বিকেলে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, এই হত্যাকাণ্ডে দুই নম্বর আসামি মোসা. সাদিয়া আক্তার পিংকী একই বিদ্যালয় ও শ্রেণিতে পড়াশুনাকালীন সময়ে সাগর মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পিংকী অপরাপর আসামিদের চাপের পড়ে প্রেমের সম্পর্ক ছিন্ন করবে এবং ভিকটিমকে বিভিন্ন সময় ও স্থানে খুন করবে বলে হুমকিও প্রদান করেন।

গত ১২ আগস্ট রাতে রামপুর মসজিদে এশার নামাজ আদায় শেষে সাগর তার বন্ধু সাকলায়েনের সঙ্গে কথা বলার সময় মোবাইলে কল আসে এবং বন্ধুকে এক জায়গায় যেতে হবে বলে চলে যায়। নায়নগর গ্রামে যাওয়ার পথে হিরণ মিয়া সাগরকে মোটরসাইকেল যোগে এগিয়ে নিয়ে যায় ভিকটিমের পরিবার পরে তা জানতে পারে।

নিখোঁজের পর খোঁজাখুঁজির সময় মামলার বাদীর ফুপাতো ভাই আ. মালেককে হিরণ মিয়া জানায় রাত ১০টার দিকে সাগরকে দশদার গ্রামে ঘোরাঘুরি করতে দেখেছে। গত ১৪ আগস্ট ভিকটিমের বাবা খবর পান কলমাকান্দা থানাধীন বড়খাপন ইউনিয়নে জাঙ্গিয়ার বিলের দক্ষিণপাড়ে বেঁধি বাঁধের পাশে গলায় রশি প্যাঁচানো ছেলের ভাসমান লাশের খবর পান। এ ঘটনায় গত ১৫ আগস্ট কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পরিবার।

আশিক উজ্জামান আরও জানান, ঘটনার পর র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে ও আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। গত শনিবার রাতে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি হিরণ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাবের অভিযানকারী দলটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত