দেশের বিভিন্ন স্থানে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ সোমবার (১০ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নির্ধারিত এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া যশোরে ৩৫.৬, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, চাঁদপুর, কুমারখালী ও তাড়াশে ৩৫.৫, খুলনা, ঈশ্বরদী ও সৈয়দপুরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯১ মিলিমিটার। এ ছাড়া শ্রীমঙ্গলে ৫৩, ডিমলায় ৫০, রাঙ্গামাটিতে ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুবল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
