সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে কক্সবাজারের প্রসিদ্ধ আবাসন সেবা প্রতিষ্ঠান সায়মন বিচ রিসোর্ট। শীর্ষস্থানীয় সার্ফ রিসোর্ট, ফ্যামিলি রিসোর্ট এবং বিচ রিসোর্ট ক্যাটাগরিতে সায়মন বিচ রিসোর্ট তিনটি আলাদা পুরস্কার পায়।
সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত থেকে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল এবং পরিচালক (সেলস) দারিউস রহমান আবাসনে দক্ষিণ এশিয়ার সম্মানজনক এই পুরস্কারগুলো গ্রহণ করেন।
সায়মনের এমডি মাহবুব রহমান রুহেল বলেন, আমাদের মহাব্যবস্থাপক পুবুদু ফারনান্দোর নেতৃত্বে নিয়োজিত একদল নিষ্ঠাবান কর্মকর্তার কঠোর পরিশ্রমের ফসল এ অর্জন। যারা সায়মনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছেন, তাদের আন্তরিকতা ছাড়া এটি সম্ভব হতো না। আমাদের সম্মানীয় অতিথিদের ধন্যবাদ, যাদের অনেক স্মৃতিবিজড়িত সময় সায়মনের সাথে মিশে আছে।
পরিচালক (সেলস) দারিউস রহমান বলেন, সেবা খাতে সায়মনের ঐতিহাসিক অবদানের বিবেচনায় এ তিনটি স্বীকৃতি সায়মন পরিবারের জন্য বিশেষ সম্মানের বার্তাই বহন করে। ১৯৬৪ সালে কক্সবাজারের প্রথম বেসরকারি হোটেল হিসেবে যাত্রা শুরু করে সায়মন কক্সবাজারে পর্যটনশিল্পের নতুন দিগন্তের সূচনা করে। এর ধারবাহিকতায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পর্যটকদের সেরা গন্তব্যে পরিণত করেন সায়মনকে।
