মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানা পুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে।
অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সঙ্গে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম দেশ রূপান্তরকে বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
