ছদ্মবেশে ট্রেনের টিকিট কেটে এক দালাল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টিকিট কালোবাজারি এবং অবৈধভাবে রেলের জমি ভাড়া দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার দুদকের উপ-পরিচালক পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক এ তথ্য জানিয়ে বলেন, দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক একে এম নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এনফোর্সমেন্ট টিমের অভিযানে অভিযোগের সত্যতা পায়। অভিযানে দুদক টিম যাত্রী সেজে টিকিট কালোবাজারিদের কাছ থেকে দুটি টিকিট উদ্ধার করে। এ সময় একজন দালাল ও তার দুই সহযোগীকে আটক করা হয়। তাদের স্টেশন মাস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে।
