মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে। জাহাজটির ডকিং কার্যক্রমে থাকা ২১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এফভি মাগফেরাত। জাহাজটির মালিক র্যাংগস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র্যাংকন ফিশিং লিমিটেড।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে আছেন জাহাজের স্কিপার ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিস মাস্টার জহির উদ্দিন, ডক সদস্য রহমত আলী। এদের মধ্যে ডক সদস্য রহমত আলীর বাড়ি কর্ণফুলী উপজেলায়। অন্যরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
নৌ-পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে জাহাজটি মেরামতের জন্য সি রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় জাহাজের প্রোপেলার (পাখা) খুলে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দুই নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তিদের গতকাল রাত পৌনে ৮টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
ডুবে যাওয়া জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান জানান, জাহাজটিতে ২১ জন কর্মকর্তা-কর্মচারী ছিল। ডুবে যাওয়ার পর সাঁতরে ও আশপাশের নৌকায় উঠে ১৪ জন তীরে আসতে সক্ষম হন। নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ, কোস্টগার্ডের সঙ্গে কোম্পানির নিজস্ব ডুবুরি দল কাজ করছে।
সদরঘাট নৌ থানা পুলিশের ওসি মো. একরাম উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার রাত পৌনে ২টায় জাতীয় জরুরি সেবার হেল্পডেস্ক নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। বুধবার নৌ-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।
ওসি জানান, জাহাজটি পুরোপুরি উল্টে ডুবে আছে। চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজের সাহায্যে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। জাহাজটি উঠানো গেলে হয়তো নিখোঁজদের সন্ধান মিলবে।
