তিনি স্বীকৃত ওপেনার। টি-টোয়েন্টিতে তামিমের পর তিনিই উদ্বোধনী জুটির সেরা ব্যাটার। কিন্তু তার ব্যাটিং অর্ডার এক জায়গায় স্থির থাকে না কখনও। গত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ওপেন করলেও আজ তিনে নেমে লিটন দাস খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। সপ্তম অর্ধশতকের দেখা পাওয়ার পর তিনি ফিরে গেছেন আউট হয়ে। ততক্ষণে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল টাইগাররা।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংসটি খেললেন নিজের বিশেষ দিনে। আজ (১৩ অক্টোবর) লিটন দাসের জন্মদিন। ২৯ বছরে পা দেওয়ার দিনে খেললেন ৬৯ রানের ইনিংস।
পাওয়ার প্লেতে দ্রুত দুই উইকেট হারানোর পর সাকিবকে ধাক্কা সামাল দেন লিটন। খেলেছেন বেশকিছু দৃষ্টিনন্দন শট। চোট থেকে ফিরে যেন নিজেকে ফিরে পেলেন এই ম্যাচে।
ইনিংসের ১৫তম ওভারের পঞ্চম বলে নওয়াজকে সুইপে তুলে মারতে গিয়ে স্কয়ার লেগে ওয়াসিমকে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। এর মধ্য দিয়ে ভাঙে লিটন-সাকিবের ৫৫ বলে ৮৮ রানের জুটি। ২ ছক্কা ও ৬ চারে ৪২ বলে ৬৯ রান করেন এই ব্যাটার।
লিটনের ৬৯ রানের ইনিংসটি টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা। এর আগে তিনি ২০১৮ সালে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলেছিলেন। এতদিন সেটাই ছিল তার ব্যক্তিগত সর্বোচ্চ। আজ সেটা টপকে গেছেন তিনি।
লিটনের সেরা ইনিংসের দিনে সাকিব পেয়েছেন নিজের দ্বাদশতম অর্ধশতকের দেখা। তিনি ৪২ বলে ৬৮ রান করে ফিরেছেন।
