গাইবান্ধায় প্রমাণ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৫:৪৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাইবান্ধার উপনির্বাচনই প্রমাণ করে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কথা আমরা আগে থেকেই বলে আসছি, যা প্রমাণিত হলো। কাজেই গণতন্ত্র ধ্বংসকারী এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

মির্জা ফখরুল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করেছে। গাইবান্ধার উপনির্বাচন এটাও প্রমাণ করে এ নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমাদের চট্টগ্রামের যে সমাবেশ হয়েছে তাতে লাখো মানুষের সমাগমে বোঝা যায় বিএনপি কখনো থেমে থাকার দল নয়। এ আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করা হবে। বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় মহাসমাবেশে সরকার পতনের পরবর্তী বার্তা দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, সরকার রাষ্ট্রপতির দপ্তর থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ২৯ দপ্তর সম্প্রতি তথ্যপ্রযুক্তি আইনের ১৫ ধারার আওতাভুক্ত করে গণমাধ্যমের স্বাধীনতার ওপর খড়্গ  বসিয়েছে। এর ফলে সাংবাদিকরা এসব দপ্তর থেকে তথ্য নিতে পারবেন না। যা মুক্ত সাংবাদিকতায় বাধা।

সরকার দেশে দুর্ভিক্ষ মোকাবিলা করতে না পারলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত