গাজীপুরের শ্রীপুরে কোনো কিছু বুঝে উঠার আগেই অগ্নিকাণ্ডে কারখানা শ্রমিকদের ৮০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা উত্তপাড়া এলাকার আবদুল হক খানের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে আগুন লাগে। সবাই আগুন নেভানোর চেষ্টা করেন। কোনো কিছু বুঝে উঠার আগেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আরও বেশ কিছু ঘরে। এক সময় সাধারণের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।
এ সব ঘরে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করা শ্রমিকরা ভাড়ায় থাকতেন। আগুনে বসত ঘরগুলোর সব আসবাপত্র শতভাগ পুড়ে গেছে। খবর পেয়ে রাতেই উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত নিশ্চিত করতে পারেনি। আগুনে অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবার।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ওসি) মো. বেলাল হোসেন জানান, আগুনে ৮০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজে লাগে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
