৩০ ট্রলারে সমাবেশে যাচ্ছেন শেরপুরের বিএনপি নেতাকর্মীরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:২০ পিএম

বিএনপির ময়মনসিংহ বিভাগের মহাসমাবেশের কারণে গতকাল রাত থেকে শেরপুর থেকে ময়মনসিংহ ও ঢাকামুখী সকল প্রকার যাত্রীবাহী বাস বন্ধ।

তবে সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির নেতাকর্মীরা নৌ-পথে ছুটছেন ময়মনসিংহের দিকে।

বৃহস্পতিবার সকাল ৯টায় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে ৩০টি ট্রলারে প্রায় ৩ হাজার নেতাকর্মীকে নিয়ে যাত্রা করেন।

এ ছাড়া অনেক নেতাকর্মী প্রাইভেটকার ভাড়া করে ভোরে রওনা হন। তবে ৯০ ভাগ নেতাকর্মী নদী পথেই সম্মেলনে যাচ্ছেন বলে জেলা বিএনপি সূত্রে জানা গেছে।

দূর পাল্লার সকল প্রকার পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। অনেকের অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় তারা ঢাকা যেতে না পারায় বিপাকে পড়েছেন।

পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের কোনো নেতা-কর্মীই এ বিষয়ে কিছু বলতে চাননি।

তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, গতকাল থেকেই পুলিশ প্রশাসন ময়মনসিংহের সম্মেলনে যোগ দেয়ার জন্য আমাদের নেতাকর্মীদের পরিবহনকারী বাস, প্রাইভেটকার আটকানোর কারণে শেরপুরের সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, পুলিশ প্রশাসন থেকে যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে এ রকম কোনো তথ্য তার জানা নেই এবং তার থানা থেকে কেউ এ বিষয়ে কোথাও গিয়ে বাস বন্ধ রেখেছে এমন ঘটনা ঘটেনি।

জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, গতকাল ময়মনসিংহে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় ভয়ে আমরা গাড়ি ছাড়িনি। তবে বিকেলের মধ্যে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত