থ্রিডি প্রিন্টারে উদ্ভিদের উপকরণে কৃত্রিম মাংস

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৩০ পিএম

বিশ্বের জনসংখ্যা বেড়েই চলেছে। অদূর ভবিষ্যতে মানুষের পুষ্টির চাহিদার কথা মাথায় রেখে কৃত্রিম উপায়ে মাংস তৈরি করছে কয়েকটি প্রতিষ্ঠান। এখন থ্রিডি প্রিন্টারে তৈরি করা হচ্ছে কৃত্রিম মাংস! কৃত্রিম হলেও একশভাগ খাবার উপযোগী। উদ্ভিদের নানা উপাদান থেকে তৈরি এ মাংসের স্বাদ হুবহু আসল মাংসের মতোই। এমনকি এসব মাংস উদ্ভাবন পর্যায়েই আটকে নেই, বাজারে বাণিজ্যিকভাবেও চলে এসেছে। এরইমধ্যে, ইসরায়েলের রিডিফাইন মিট নামের একটি প্রতিষ্ঠান ইউরোপজুড়ে কৃত্রিম মাংস বিক্রি শুরু করেছে। বর্তমানে ইসরায়েল, ব্রিটেন, নেদারল্যান্ডস ও জার্মানিতে পাওয়া যায় তাদের এ পণ্য। পরিধি আরও বাড়াতে, ফ্রান্সভিত্তিক একটি আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তারা।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, গরু, ছাগল কিংবা হাঁস-মুরগি নয়Ñ মাংস তৈরি করা হচ্ছে উদ্ভিদের প্রোটিন থেকে। ল্যাবে তৈরি কৃত্রিম এ মাংসের স্বাদ ও গুণগত মান হুবহু আসল মাংসের মতোই।

ল্যাবে মাংস তৈরিতে ব্যবহার করা হয় সয়া, মটর, ছোলা, বিটরুট ও নারকেলের মতো উপাদান। সম্প্রতি নতুন একটি থ্রিডি মেশিন বানিয়েছে কোম্পানিটি, যা দিয়ে দিনে কয়েক টন মাংস উৎপাদন সম্ভব।

রেডেফাইন মিটের কর্মকর্তা ইয়ারন এশেল বলেন, এই মেশিনে নিজের পছন্দমতো উপাদান দিয়ে মাংসের টুকরো তৈরি করা সম্ভব। মাংসের ভেতরে ও বাইরে কী পরিমাণ চর্বি থাকবে সেটাও যে কেউ নির্ধারণ করে নিতে পারবে। এটি খাওয়ার পর প্রাণীর মাংসের সঙ্গে তেমন পার্থক্য খুঁজে পাবেন না। 

রেডেফাইন মিটের সহ-প্রতিষ্ঠাতা এশকার বেন শিটরিট বলেন, ‘কীভাবে মাংসের স্বাদ আরও বাড়ানো যায় তা নিয়ে আমরা দু’বছর ধরে কাজ করেছি। দীর্ঘ গবেষণার পর উদ্ভিদের কয়েকটি উপাদান চিহ্নিত করা হয়েছে যা প্রাণীর মাংসের টিস্যুর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই মাংসের পিণ্ডগুলো থেকে হুবহু প্রাণিজ মাংসের স্বাদ পাওয়া যাবে’। 

স্পেনের নোভামিট, যুক্তরাষ্ট্রের বিয়ন্ড মিটের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠানও কৃত্রিম মাংস তৈরি করে। যদিও প্রাণীর মাংসের চেয়ে এর দাম তুলনামূলক বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত