ঘুমধুম-তমব্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলি

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:০৩ এএম

চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ফের প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল রবিবার বিকেল সোয়া ৩টা থেকে ৪টার মধ্যে ঘুমধুম-তমব্রু সীমান্তের ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপারে চারটি মর্টার শেল বিস্ফোরণ এবং থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলম বলেন, ‘আজও (গতকাল) বিকট শব্দ শুনেছি। কবে থামবে এসব?’

তমব্রু বাজারের সিএনজিচালিত অটোরিকশার চালক নাসির উদ্দীন জানান, তিনি গতকাল চারটি মর্টার শেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিকেল থেকে আবারও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মাহামুদুল হাসান।

স্থানীরা জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৪-৩৫ নম্বর পিলারের কাছাকাছি একটি হেলিকপ্টার আসে এবং সেখান থেকে ব্যাপক গোলাবারুদ নিক্ষেপ করা হয়।

তমব্রু বাজারের সরোয়ার বলেন, ‘সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪-৩৫ পিলারের কাছাকাছি এসে মিয়ানমারের অভ্যন্তরে হেলিকপ্টার থেকে গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

সীমান্তের বাসিন্দা সৈয়দ আলম জানিয়েছেন, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমধুম-তমব্রু সীমান্তের ৩৪-৩৫ নম্বর পিলারের ডানে মিয়ানমার থেকে একটি যুদ্ধবিমান আকাশে ওড়ে। এ সময় সীমান্তের কাঁটাতার ঘেঁষা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) চৌকি থেকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) বিকেলে বিস্ফোরণের শব্দ শুনেছি।’

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত