অধ্যক্ষের কক্ষে আটকে রেখে ইডেন কলেজ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:১৫ পিএম

রাজধানীর ইডেন কলেজে ছাত্রী নির্যাতন ও প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় নুসরাত জাহান কেয়া নামে এক ছাত্রীকে অধ্যক্ষের কার্যালয়ে ৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন ও জোর করে অঙ্গীকারনামা নেয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী মার্কেটিং বিভাগের মাস্টার্সের ছাত্রী ও ছাত্র অধিকার পরিষদ (কিবরিয়া-নুর) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

সোমবার রাতে বিষয়টি নিয়ে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

নির্যাতনের বিষয়ে জানতে চাওয়া হলে নুসরাত জাহান কেয়া দেশ রূপান্তরকে জানান, সোমবার দুপুরের দিকে তিনি মার্কশিট নিতে ক্যাম্পাসে যান। এসময় কয়েকজন শিক্ষক তাকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। সেখানে টানা ৬ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়।

তিনি বলেন, অধ্যক্ষের কক্ষে শিক্ষকরা মিলে আমাকে নানাভাবে হেনস্তা করেন। একপর্যায়ে হুমকি দিয়ে জোর করে লিখিত নেন। পরে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বাবাকে ফোন দিয়ে জানানো হয় এবং কলেজে এসে আমাকে নিয়ে যেতে বলেন।

কেয়া অভিযোগ করেন, তার কাছ থেকে গত সপ্তাহেও জোর করে লিখিত নেয়া হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল যে, সার্টিফিকেট আটকে দেবে, ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে।

ছাত্রী নির্যাতনের অভিযোগে বিষয়ে জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া দাসকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন রেখে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত