বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরুর আগে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। এই মাঠেই আফগানদের বিপক্ষে খেলেছিল টাইগাররা।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, মুজিব উর রহমানরা নাকাল করে ছেড়েছেন টাইগার ব্যাটারদের। এবার কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, কেশভ মহারাজদের কিভাবে সামলাবেন সাকিব-লিটনরা! সেটাই দেখার অপেক্ষায়।
আফগানিস্তানের বিপক্ষে এক হাসান মাহমুদ ছাড়া ওই ম্যাচে কেউই তেমন ভালো করতে পারেননি। ডেথ ওভারের দুশ্চিন্তা তাই কাটেনি। দুঃশ্চিন্তা কাটেনি মোস্তাফিজুর রহমানকে নিয়েও। আফগানদের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মোস্তাফিজ নিজেকে ফিরে না পেলে বাংলাদেশ দলের জন্য সেটা মহাদুশ্চিন্তার কারণ হবে। সেক্ষেত্রে সেরা একাদশের বাইরেও চলে যেতে হতে পারে তাকে।
দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণ তো বিশ্বসেরা। প্রোটিয়া দলে আছেন কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, এনরিচ নরকিয়ার মতো পেস সুপারস্টার। স্পিনে আছেন কেশভ মহারাজ, তাবরেজ শামসি। এই বোলিং আক্রমণ প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়েছিল ৯৮ রানেই।
বাংলাদেশের তাই আসল পরীক্ষাটা হয়ে যাবে আজই। প্রোটিয়া বোলিং উৎড়ে যেতে পারলে বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখতে পারবে টাইগাররা, নাহলে আরও একবার শূন্য হাতে ফেরার শঙ্কা।
