কবরস্থানের পাশ থেকে রক্তাক্ত নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:২৩ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক নারীকে (৩২) উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

পরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কবরস্থানের পাশের সড়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক নারীকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মাহমুদুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছি। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত