প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির ঘটনায় রাজশাহী কারাগারে বন্দি বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান বাবলু গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও গুরুত্ব দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। ডায়াবেটিস, ফুসফুস, লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৬২ বছর বয়সী বাবলুকে দ্রুত চিকিৎসা না দিলে যে কোনো সময়ে বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে। বুধবার (১৯ অক্টোবর) দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বাবলুর স্ত্রী সেলিনা রহমান শিউলী ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘বাবলু খুবই অসুস্থ। আমি গত ১৬ অক্টোবর রাজশাহী কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করে এসেছি। তার অবস্থা ভালো নয়। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা না করলে যে কোনো সময়ে অঘটন ঘটতে পারে।’
তিনি বলেন, ‘মাসে একবার বাবলুর সঙ্গে সাক্ষাতের অনুমতি রয়েছে। তাও আমাকে একাই দেখা করতে হয়। আমি একা গেলে আমাদের মেয়ে বাবার সঙ্গে সাক্ষাত করতে পারে না। সংসার কীভাবে চলবে আইনি ব্যবস্থা কী নেবে তার জন্য আমাকেই দেখা করতে হয়। যার কারণে মেয়ে বাবাকে দেখতে যেতে পারে না। অতীতেও দীর্ঘদিন হাসপাাতলে চিকিৎসা নিয়েছেন বাবলু।’
সেলিনা রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘কারাবন্দি বাবলুর যথাযথ চিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ না করায় এবং আমাদের পরিবারের উদ্বেগের বিষয়টি উপলদ্ধি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করা হয়েছে। মহাসচিব গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।’
মঙ্গলবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি করার মিথ্যা মামলায় বর্তমানে রাজশাহী কারাগারে কারান্তরীণ বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এছাড়াও বিএনপি’র অনেক নেতাকর্মী কারাগারে অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঈশ্বরদীতে একই মিথ্যা মামলায় বিএনপি নেতা আব্দুল হাকিম টেনু সুচিকিৎসা না পেয়ে ইতোমধ্যে কারাগারে মৃত্যুবরণ করেছেন। বিএনপি নেতাকর্মীদেরকে সুচিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষের চরম উদাসীনতায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দল ও মতের বিরুদ্ধে প্রতিশোধ ও প্রতিহিংসা আওয়ামী লীগের ঐতিহ্য। একদলীয় কর্তৃত্ববাদী শাসন আওয়ামী লীগের মজ্জাগত। ক্ষমতাসীন সরকার বাংলাদেশকে বিএনপিশুণ্য করার জন্যই ফরমায়েশি রায়ের মাধ্যমে বাবলুসহ অন্যান্য নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসি এবং যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। কারাবন্দি বাবলুসহ কারান্তরীণ নেতাকর্মীরা এখন গুরুতর অসুস্থ হলেও কারা কর্তৃপক্ষ তাদের সুচিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি বর্তমান অবৈধ আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এক অমানবিক পন্থা। এটি নাৎসি শাসনেরই একটি অন্যতম নমুনা।’
মির্জা ফখরুল বলেন, ‘জনস্বার্থের বিপক্ষে আওয়ামী সরকার অবস্থান গ্রহণ করেছে। সে কারণেই অমানবিক ও মরণঘাতী কর্মসূচি অবলম্বন করে নিজেদেরকে টিকিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু তাদের পায়ের নিচ থেকে মাটি ক্রমান্বয়ে সরে যাচ্ছে। আওয়ামী সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। গণতন্ত্রকামী জনগণ কখনোই দুঃশাসন সহ্য করেনি, আওয়ামী দুঃশাসনেরও অবসান অত্যাসন্ন। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফেরানোর জন্য এখন ঐক্যবদ্ধ।’
অবিলম্বে ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি করার মিথ্যা অভিযোগে কারান্তরীণ বাবলুসহ অন্যান্য নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিতের জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।
