ময়মনসিংহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৩:২১ পিএম

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আটক আনোয়ারুল ইসলাম উপজেলার পয়ারী ইউনিয়নের আমলীদলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, আনোয়ারুল ইসলাম পেশায় রিকশা চালক। তিনি বিয়ে করেন ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের তহুর আলীর মেয়ে রোজিনা খাতুনকে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে।

গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে আনোয়ারুল রিকশা চালিয়ে বাড়ি গিয়েই স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে দা দিয়ে রোজিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে পালিয়ে যান।

এক সময় মায়ের চিৎকারে ঘুম ভাঙে মেয়ে রত্না আক্তার মীমের। পরে তিনি তার নানি রোকেয়া খাতুনকে খবর পাঠিয়ে বাড়িতে ডেকে নেন। পরে মাকে রক্তাক্ত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা করা হয় নিহতের স্বামী আনোয়ারুল ইসলামকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, রক্তমাখা কাপড়সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন আনোয়ারুল। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত