খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুটি শর্তে সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন মুক্ত, তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে কোভিড পরিস্থিতিতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতেই তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও সাজা স্থগিত করে তাকে মুক্ত করা হয়েছে। তার অবস্থা বিবেচনা করে প্রতি ছয় মাস পর পর এই স্থগিতাদেশ বৃদ্ধি করা হচ্ছে।
শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ শিল্পে সমৃদ্ধি লাভ করছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেভাবে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে, ঠিক সেভাবে শ্রমিকরাও তাদের কর্ম দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।
পরে আইনমন্ত্রী ডিইপিজেডের কয়েকটি শিল্প-কারখানা পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান, ডিইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, বিনিয়োগকারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
