খুলনা রুটে বাস বন্ধ: ভোগান্তি কুষ্টিয়ার যাত্রীদের

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৫:৪১ পিএম

শুক্রবার সকালে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে খুলনাগামী কোনো যাত্রীবাহী বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে কাউন্টারে এসে ফিরে গেছেন। এ ছাড়া বিকল্প পথ হিসাবে রেল ও ব্যক্তিগত গাড়ি ভাড়া করে খুলনা যাচ্ছেন অনেক যাত্রীরা।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুষ্টিয়া-খুলনা রুটে বাস চলাচল বন্ধ বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল ইসলাম।

তিনি জানান, খুলনায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শুক্র-শনিবার বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যার কারণে খুলনা রুটে বাস চলাচল বন্ধ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

কুষ্টিয়া বাস কাউন্টারে এসে তানিয়া খাতুন নামে এক যাত্রী জানান, হুট করে এমন বাস বন্ধের ফলে বাস টার্মিনালে এসে ফিরে যেতে হচ্ছে। ক’দিন পরপর বাস মালিক সমিতি বিভিন্ন ইস্যু নিয়ে এমন ধর্মঘট করার কারণে সাধারণ মানুষের ভোগান্তি  হয়। 

রফিকুল ইসলাম নামে আরেক যাত্রী জানান, বাস বন্ধ থাকায় ট্রেনে যেতে হবে। তাই টার্মিনাল থেকে স্টেশনে যাচ্ছি ট্রেনে যাওয়ার জন্য।

সাধারণ যাত্রীদের পাশাপাশি খুলনাগামী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরাও ভোগান্তির স্বীকার হচ্ছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন অভিযোগ করেন, ‘কেন্দ্র ঘোষিত খুলনা মহানগরের সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। যাতে আমাদের নেতাকর্মীরা সমাবেশ স্থলে পৌঁছাতে না পারে এ জন্য এমন বাস বন্ধ রয়েছে। এটা সরকারে একটা চক্রান্ত। এ ছাড়া রাতে আমাদের নেতাকর্মীদের বাড়ি পুলিশ গিয়ে হয়রানিসহ কয়েকজনকে আটক করেছে। তারপরও আমরা গণসমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছি’।

তিনি আরো অভিযোগ করেন, ‘সরকার আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে’।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি রুমী জানান, ‘খুলনা বিভাগীয় গণসমাবেশ অংশ নেয়ার জন্য আমাদের নেতাকর্মীরা বাসের পরিবর্তে ট্রেন, প্রাইভেটকার, ট্রাক, মোটরসাইকেলসহ যেকোনো যানবাহনে তারা খুলনার দিকে যাচ্ছে। সরকার বাস বন্ধ রেখে আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত