আম খেতে এখন আর মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে না। ভোক্তাদের জন্য বছরজুড়ে আম খাওয়ার সুযোগ করে দিতে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি বাজারে নিয়ে এসেছে নতুন একটি পণ্যÑ একদম আম। দেশের বাজারে সেভয় আইসক্রিম প্রথমবারের মতো সবেহ ক্যাটাগরির এ পণ্যটি নিয়ে এসেছে। সবেহ মূলত ফ্রোজেন ডেজার্টের একধরনের প্রকরণ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘আমের নতুন ধরনের ব্যবহার আমচাষিদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে; যা জাতীয় অর্থনীতিতে রাখবে ইতিবাচক ভূমিকা।’
সেভয়ের পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ‘সেভয়ের “একদম আম” পুরোপুরি আম দিয়ে তৈরি। পুরোটাই আম দিয়ে তৈরি বলে বছরের যেকোনো সময় ভোক্তাদের আম খাওয়ার ইচ্ছে পূরণ করতে পারবে।’
শাইখ সিরাজ ও নিয়াজ আহমেদ সেভয়ের নতুন পণ্য ‘একদম আম’ সবেহর মোড়ক উন্মোচন করেন। এ সময় বক্তব্য দেন কোহিনুর কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, নাজিফা টুশি।
