পাকিস্তান খেলতে যাওয়া নিয়ে যা বললেন রোহিত

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৪:১৪ পিএম

পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচের আগে পরিস্থিতি সবসময় উত্তপ্ত থাকে। এবার বাড়তি উত্তাপ নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে নামবে দুই দল। দিন দুয়েক আগে বিসিসিআই সচিব জয় শাহর মন্তব্যের পর থেকেই বিতর্কের ঢেউ লেগেছে। আগামীকাল বাবর আজমদের বিপক্ষে খেলার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। প্রশ্ন করা হয়েছিল এশিয়া কাপ খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া না যাওয়া বিতর্কে খেলোয়াড়রা কী ভাবছেন?

রোহিত জবাব দিয়েছেন অনেকটা কূটনৈতিক ভাষায়, ‘আমার মনোযোগ টি–টোয়েন্টি বিশ্বকাপে। কারণ, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে আমরা চিন্তা করছি না।’

পাকিস্তানের দিক থেকে তীব্রভাবে প্রতিবাদ আসার পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। তবে বিসিসিআইর চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বল বোর্ডের দিকেই ঠেলে দিয়েছেন রোহিত, ‘এ নিয়ে আমার ভাবাভাবির কিছু নাই। সিদ্ধান্ত নেবে বিসিসিআই। আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি।’

আগামীকাল রোহিতরা বাবরদের মুখোমুখি হবেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। তিন মাসেরও কম সময়ে এটি ভারত–পাকিস্তানের তৃতীয় দেখা। আগস্ট–সেপ্টেম্বরে এশিয়া কাপের প্রথম রাউন্ড ও সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ পর্বের ম্যাচটিতে ভারত জিতেছিল ৫ উইকেটে, সুপার ফোরে একই ব্যবধানে জিতেছিল পাকিস্তান। টি–টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত