পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 'এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না' মর্মে আহ্বান জানিয়েছেন। সুজলা-সুফলা বাংলাদেশের জিডিপিতে কৃষি খাত বড় অবদান রাখছে। কিন্তু করোনা মহামারি ও বৈশ্বিক যুদ্ধাবস্থার কারণে সমগ্র বিশ্বে এখন খাদ্য নিরাপত্তায় জোর দেওয়ার কথা বলা হচ্ছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে নড়িয়া উপজেলায় কৃষক সমাবেশ ও সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, সর্বস্তরের জনসাধারণকে জমি পতিত না রেখে চাষাবাদ করতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বিকল্প নেই। আর তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে সকলকে এগিয়ে আসতে হবে। পর্যায়ক্রমে সকল উপজেলায় ও ইউনিয়নে সমাবেশ করে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা হবে।
কৃষক সমাবেশে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী শরীয়তপুর জেলার কৃষিভিত্তিক অর্থনীতি বিকাশের অপার সম্ভানা হাতছানি দিচ্ছে। সমন্বিত কৃষি পরিকল্পনা প্রণয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। প্রতি ইঞ্চি অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে।
এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাতলুবর রহমান, পৌরসভার মেয়র মো. আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষক দলের মাঝে ৩০টি সেচযন্ত্র বিতরণ করেন উপমন্ত্রী।
