দেশে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯২২ জন। এই সংখ্যা এ বছরের একদিনে হাসপাতালে রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড।
এ নিয়ে এখন পর্যন্ত এ বছর হাসপাতালে ভর্তি হলো ৩০ হাজার ২৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্য দিয়ে এ বছর রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেল। এমনকি এ বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের গত ২২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করল। এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রোগী মিলেছিল গত বছর, ২৮ হাজার ৪২৯ জন। এর আগে ডেঙ্গুর সর্বোচ্চ রেকর্ডের বছর ছিল ২০১৯ সাল। সে বছর রোগী ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ও মারা গিয়েছিল ১৭৯ জন। সে বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল স্বাস্থ্য বিভাগকে। এরপরের বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেছিল। সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৪০৫ জন ও মারা গিয়েছিল ৭ জন। কিন্তু ‘পরের বছর ২০২১ সালে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ে। চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু পরিস্থিতি গত বছরকে ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেল ১১২ জন। এই সংখ্যা দেশে ডেঙ্গুর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত ১৯ অক্টোবরের আগেরদিন পযন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১০৫ জনের মৃত্যুর রেকর্ড ছিল ২০২১ সালের। ১৯ অক্টোবর প্রথম সে রেকর্ড ভেঙে এ বছর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছোঁয়। সেদিন পর্যন্ত মৃত্যু ছিল ১০৬ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৫২০ জন ও ঢাকার বাইরে ৪০২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ঢাকায় মোট ভর্তি হলো ২১ হাজার ৪২৪ জন ও ঢাকার বাইরে ৮ হাজার ৬০৫ জন। সে হিসেবে এ বছর ভর্তি রোগীর ৭১ শতাংশ বা ২১ হাজার ৪২৪ জন ঢাকার ও ২৯ শতাংশ বা ৮ হাজার ৬০৫ জন ঢাকার বাইরের। সে হিসেবে গত ৭ বছরের গতকাল পর্যন্ত ইতিহাসে এটাই ঢাকার বাইরে দ্বিতীয় সর্বোচ্চ রোগী। এর আগে সর্বোচ্চ প্রাদুর্ভাবের বছর ২০১৯ সালে ঢাকার বাইরে সর্বোচ্চ ৪৯ শতাংশ রোগী পাওয়া গিয়েছিল।
