আন্তর্জাতিক সিনেমার দুনিয়ায় মেহযেব চৌধুরী

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৫০ পিএম

মেহযেব চৌধুরী আন্তর্জাতিক পরিম-লে বিশেষভাবে পরিচিত তার ‘মাবমাট’র জন্য। মার্স রোভারের অনুকরণে মাবমাট রোবট তৈরি করেছিলেন বাংলাদেশের এই তরুণ। উদ্দেশ্য ছিল অপরাধস্থল বিশ্লেষণ। এটি আমেরিকান বার অ্যাসোসিয়েশন, দ্য ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রশংসাও পেয়েছে। এই রোবট তাকে বিশ্ব দরবারে এনে দেয় পরিচিতি।

মেহযেব চৌধুরী একাধারে উদ্ভাবক, প্রশিক্ষক, অপরাধ বিশেষজ্ঞ ও ফৌজদারি আইনের আইনজীবী। বর্তমানে নর্দামব্রিয়া ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এ বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করছেন। ২০টি দেশে আটটি ভাষায় প্রকাশ হয়েছে ড. মেহযেব চৌধুরীর গবেষণা। অপরদিকে তিনি একজন সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও আঁকিয়ে!

ডুরহাম ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় সিনেমা তৈরিতে হাত দেন মেহযেব।  কিছু শর্ট ফিল্ম বানান, সুযোগ পান সানড্যান্স কোলাব ও সানড্যান্স টিভির মতো কিছু সম্মানজনক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ারও। তারপর ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস, বাফটার একটি প্রোগ্রামে অংশ নেওয়ার আবেদন করেন। সেখানে মেন্টর হিসেবে পান ‘লা লা ল্যান্ড’ এবং ‘ফার্স্ট ম্যান’ সিনেমার সিনেমাটোগ্রাফার লাইনাস স্যান্ডগ্রিনকে। ২০১৭ সালে এডওয়ার্ড কলিয়ারের পরিচালিত সিনেমা ‘রিডেম্পশন’-এ সিনেমাটোগ্রাফার ছিলেন মেহযেব। এর পরই তিনি বাফটার নজর কাড়েন। সেটা দিয়েই ২০১৯-২০ সালের ক্রু ডিরেক্টরিতে অংশ নেওয়া উত্তর-পূর্বের একমাত্র সিনেমাটোগ্রাফারও হন। বর্তমানে ব্রিটিশ ফিল্ম একাডেমিতে সিনেমাটোগ্রাফার ও স্ক্রিন রাইটার হিসেবে অবদান রাখার জন্য তাকে বাফটা কানেক্ট প্রোগ্রামে গ্রহণ করা হয়।

২০২১ সালে চিত্রনাট্য লেখা শুরু করেন মেহযেব চৌধুরী। তারই কিছু প্রজেক্ট রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। তার চিত্রনাট্যে ‘রিমাইন্ড মি ইয়েস্টারডে’ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সাই-ফাই মুভির তকমা জেতে, আর রেইনড্যান্স ফেস্টিভ্যালে পায় দ্বিতীয় স্থান। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলেক্সান্দ্রা জেনজেক। পরিচালক মাইকেলা মইরের ‘ডাউনটাইম’ সিনেমার চিত্রনাট্যকার তিনি। সেটাও পরে দেখানো হয় বেশ কিছু ফেস্টিভ্যালে। সাউথ এশিয়ান ফিল্ম টেলিভিশন অ্যান্ড কালেক্টিভ (সাফটাক)। সংগঠনটি দক্ষিণ এশিয়ার ক্রিয়েটিভ কাজগুলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে উন্মোচিত করে। প্রতিষ্ঠানটির সদস্য প্রায় ১ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত