দেশীয় পেঁয়াজের দাম কমায় ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা করে কমেছে। দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে তবে দাম কমতির দিকে রয়েছে।
একদিন পূর্বে বন্দরে প্রতিকেজি ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া একই জাতের মাঝারি আকারের পেঁয়াজ পূর্বে ৩৪ থেকে ৩৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, বন্দরে পেঁয়াজের বাজার প্রতিদিনই উঠানামা করছে আজ এক দাম আবার পরদিন আরেকদাম হচ্ছে। যার কারণে মোকামে পেঁয়াজ কিনতে সাহস পাচ্ছে না ব্যবসায়ীরা তারা বাজার পর্যবেক্ষণ করছেন। এতে করে আমরাও পেঁয়াজ না কিনে দেখছি কি হয়।
চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের বাজার চড়া ছিল একদিন পরেই আবার কেজিতে ৩/৪ টাকা করে কমেছে। এতে করে একদিন পূর্বে বাড়তি দামে বন্দর থেকে পেঁয়াজ ক্রয় করে সেগুলো এখন কম দামে বিক্রি করতে হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোর অঞ্চলে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমায় সেদেশের বাজারেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।
যার কারণে বাড়তি দামে কিনতে হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছিল। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ায় দামের উপর প্রভাব পড়ছিল।
দেশের বাজারে বাড়তি চাহিদাকে ঘিরে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা
এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় ও ক্রেতা কম থাকায় আবারও দাম কমতির দিকে।
এছাড়া দেশীয় পেঁয়াজের দাম বেড়ে ১৬শ থেকে ১৭শ টাকায় উঠে গিয়েছিল। সেটি আবারও কমে ১২শ থেকে ১৩শ টাকায় নেমেছে যার কারণে আমদানি করা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি খানিকটা বেড়েছে গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো বর্তমানে তা বেড়ে ৩০ থেকে ৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।
গতকাল রবিবার বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৯৮০টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর শনিবার বন্দর দিয়ে ৩৯টি ট্রাকে ১১শ ৩৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
