ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়াও বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈরী আবহাওয়ার মাঝে আকাশপথে চলা অভ্যন্তরীণ রুটে ইতিমধ্যেই তিন এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
এবিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু পাইলটের সিদ্ধান্তে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ারের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
