উইন্ডিজকে অগোছালো রেখে বিদায় সিমন্সের

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০১:৩২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির কারণে উইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফিল সিমন্স। তবে এখনই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। দু’বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ এবার প্রথম রাউন্ডের কোয়ালিফাইং পর্ব থেকেই বাদ পড়ে। এই ব্যর্থতার জন্য বোর্ডকে দায়ী করেছেন কাইরন পোলার্ড।

বিশ্বকাপে প্রথম পর্বে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সঙ্গে ছিল উইন্ডিজ। এই গ্রুপে ফেভারিট ধরা হয়েছিল তাদের। কিন্তু পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে শেষ করে ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ড এবং শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারে উইন্ডিজ। পদত্যাগের বিবৃতিতে সিমন্স দর্শক-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। ‘আমি জানি আমাদের এই ব্যর্থতায় শুধু দল নয়, বরং যেসব দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি, তারা সবাই কষ্ট পেয়েছেন। হতাশাজনক ও হৃদয় দুমড়ে-মুচড়ে দেওয়ার মতো বিষয়। আমরা মাঠে যোগ্য ছিলাম না। এখন আমাদের বাইরে বসে কোনোরকম অংশগ্রহণ ছাড়াই এই টুর্নামেন্ট দেখতে হবে। এর কষ্ট সীমাহীন। এজন্য আমি সমর্থক ও অনুসারীদের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’ বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভেবে রেখেছিলেন সিমন্স ‘কোনো রাগ-ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নয়। বরং আমি বেশ কিছুদিন ধরেই এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলাম। এখন সবাইকে জানানোর সময় হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর আমি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াব।’ পার্থে ৩০ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। অ্যাডিলেডে ৮ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

সিমন্স দ্বিতীয় দফায় উইন্ডিজের দায়িত্ব নেন ২০১৯ সালে। এর আগে তার অধীনেই ২০১৬ সালে ক্যারিবীয়রা দ্বিতীয়বারের জন্য শিরোপার স্বাদ পেয়েছিল।

এদিকে দলের ব্যর্থতায় উইন্ডিজের সাবেক অধিনায়ক পোলার্ড বলেন, ‘আমি ছেলেদের অবস্থা বুঝতে পারছি। এটা আসলে তাদের দোষ না। আমাদের অধিনায়ক তরুণ। আমাদের খেলোয়াড়রা নতুন, যারা টি-টোয়েন্টিতে কয়েকটি ভালো ইনিংস খেলেই বিশ্বকাপে চলে এসেছে। আমি যখন এটা দেখি, তখন আমি মনে মনে হাসি। কেননা গত বছর অনেক কথা হচ্ছিল, যখন কেউ কেউ দলে সুযোগ পায়নি।’

উইন্ডিজের এবারের বিশ্বকাপ দলে ছিলেন না আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো অভিজ্ঞরা। এছাড়া ফ্লাইট মিস করায় দল থেকে বাদ পড়েন শিমরন হেটমায়ারও। ২০২১ বিশ্বকাপ খেলা মাত্র পাঁচজন পুরান, হোল্ডার, লুইস, ওবেদ ম্যাকয় ও আকিল হোসেইন ছিলেন দলে। পোলার্ড বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু উইন্ডিজে আমরা এটাকে খুব সহজভাবে নিয়ে ফেলেছি। এমনকি একটা ধারণাও প্রচলিত আছে যে, কারও বয়স যদি বেশি হয় তাকে খেলা থেকে অবসর নিয়ে নিতে হবে!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত