বাংলাদেশকে সরাসরি এলএনজি সরবরাহ করতে চায় কাতার। এ ছাড়া কাতারের আমির বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। গতকাল মঙ্গলবার কাতারের আমিরের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সম্মতিপত্র রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তরের সময় ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাঈদ আল কাহতানি এ মন্তব্য করেন। চলতি বছরের নভেম্বরে কাতারের দোহায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি কাতারের সরকার ও রাষ্ট্রপ্রধানও।
পররাষ্ট্রমন্ত্রী এসময় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন। বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় কাতারকে ধন্যবাদ জানান তিনি।
গত সেপ্টেম্বরে কাতারের দোহায় উভয় দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) প্রস্তাবিত কাতারে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানসহ জনশক্তি নিয়োগের বিষয়টি আবারও উল্লেখ করেন মোমেন।
