চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন-কেইপিজেডের একটি পোশাক তৈরি কারখানায় ১৬ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার বিকেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তবে কর্তৃপক্ষ পেনিক ডিসঅর্ডার এ অসুস্থতার কারণ বলে জানিয়েছে।
কারখানা সূত্র জানায়, গতকাল বিকেলে কারখানার ২০ নম্বর ফ্লোরের কয়েকজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। ওই সময় একে একে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র আরও জানায়, গত সোমবার কারখানার ওই ফ্লোরে একজন নারী শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ওই আতঙ্কে তারা অসুস্থ হয়ে পড়েন।
কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, বুধবার বিকেলে ১০-১২ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এটি মানসিক অবসাদ থেকে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
