প্রায় ২৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বগুড়ার কাহালু পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)। গত বুধবার বিকেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর পৌরসভার প্রায় সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. একলাস জানান, ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা। ধীরে ধীরে বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে। বর্তমানে বকেয়া বিলের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকা।
পৌর মেয়র আবদুল মান্নান বলেন, আমি গত বছরের ৫ মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। এ ছাড়া আগের মেয়রের আমলের বকেয়া বিদ্যুৎ বিলও ধীরে ধীরে পরিশোধ করছি। বিদ্যুতের লোকজনকে অনুরোধ করেছি আগামীকাল ২ লাখ টাকা এবং এক মাসের মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করব। তারপরও তারা শোনেনি।
