গ্যালাপের জরিপ

আইনশৃঙ্খলা সূচকে উন্নতি বাংলাদেশের

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০১:৪৪ এএম

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২-এ বাংলাদেশের স্কোর আগের বছরের থেকে দুই পয়েন্ট বেড়েছে। ২০২১ সালে এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৭৭, এবার তা বেড়ে ৭৯ পয়েন্টে উন্নীত হয়েছে। অবশ্য ২০২০ সালে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৮১ পয়েন্ট।

গত বছরের বৈশ্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে গত বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে গ্যালাপ। এবারের সূচকে সবার ওপরে রয়েছে সিঙ্গাপুর। এছাড়া এই সূচকে সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। সূচকে ভালোর দিক থেকে বাংলাদেশ আছে প্রথম ৬৭টি দেশের মধ্যে। স্কোরের ভিত্তিতে অবস্থান ১৭তম। ৭৯ স্কোর নিয়ে একই অবস্থানে আছে আরও পাঁচটি দেশ। সেগুলো হলো যুক্তরাজ্য, আলজেরিয়া, মালদোভা, গ্রিস ও কিরগিজস্তান।

গ্যালাপের প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা সূচকের অগ্রগতি বিগত বছর স্থবির ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই বছর সম্ভাব্য ১০০ পয়েন্টের মধ্যে বৈশ্বিক স্কোর দাঁড়িয়েছে ৮৩ পয়েন্টে। এই স্কোর আগের বছরের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি।

বিবিসি বলছে, চারটি প্রশ্নের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই স্কোর নির্ধারণ করা হয় বাসিন্দারা নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি না, স্থানীয় পুলিশে আস্থা আছে কি না, চুরি, হামলা কিংবা ছিনতাইয়ের শিকার হয়েছেন কি না।

নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি না, এমন প্রশ্নে প্রতি ১০ জনের ৭ জনই (৭১ শতাংশ) বলেছেন, তারা নিরাপদ বোধ করেন। স্থানীয় পুলিশে আস্থা আছে বলে জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ।

প্রায় ১১ শতাংশ বলেছেন, গত বছর তাদের নিজের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের সম্পত্তি চুরি হয়েছে। হামলা কিংবা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের পরিসংখ্যানে তেমন বড় ধরনের পরিবর্তন নেই। রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করা এবং পুলিশে আস্থার বিষয়ে জরিপে গ্যালাপ ক্রমশ যে উন্নতি দেখতে পেয়েছিল, ২০২১ সালে এসে সেটা স্থবির হয়ে গিয়েছিল। দুটি ক্ষেত্রেই ১ পয়েন্ট করে অবনমন হয়েছে। তবে দুটি সূচকই আগের অধিকাংশ বছরগুলোর চেয়ে ওপরেই রয়েছে।

অন্যান্য পরিসংখ্যানও বিগত বছরগুলোরই কাছাকাছি রয়েছে। ২০২১ সালে যত শতাংশ মানুষ তাদের সম্পত্তি চুরি হওয়ার কথা জানিয়েছেন, তা আগের বছরের চেয়ে ২ পয়েন্ট কম। ২০২০ সালে ১৩ শতাংশ মানুষ সম্পত্তি চুরি হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। হামলা ও ছিনতাইয়ের শিকার হওয়ার পরিসংখ্যান অপরিবর্তিত রয়েছে।

আইনশৃঙ্খলা সূচকে শীর্ষে থাকা সিঙ্গাপুরের স্কোর ৯৬। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়া। শীর্ষে ১০-এ থাকা দেশগুলোর স্কোর ৯৬ থেকে ৯১ পয়েন্ট।

সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা আফগানিস্তানের স্কোর মাত্র ৫১। তলানিতে থাকা ১১টি দেশের ৯টিই আফ্রিকা মহাদেশের। অপর দেশটি লাতিন আমেরিকার ভেনেজুয়েলা। তলানির দেশগুলোর স্কোর ৫১ থেকে ৬৩ পয়েন্ট।

নিজ এলাকায় রাতে নিরাপদে হাঁটতে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন সিঙ্গাপুরের বাসিন্দারা (৯৫ শতাংশ)। আর সবচেয়ে কম নিরাপদ বোধ করেন আফগানিস্তানের লোকজন (২২ শতাংশ)। দক্ষিণ এশিয়ায় পুলিশের ওপর আস্থার সূচক ৩ পয়েন্ট কমেছে। স্কোর ৭৭ পয়েন্ট থেকে কমে গত বছর ৭৪ পয়েন্টে নেমে গিয়েছিল। সবচেয়ে বেশি ৭ পয়েন্ট কমেছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত