নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম হালিমা বেগম (২৯)। ১৫ দিন পরে তার সন্তান জন্মদানের তারিখ ছিল।
নিহতের স্বামীর পরিবারের লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও এতে পুলিশের সন্দেহ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে শরিফপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে হালিমার বিয়ে হয় পাশের দাইরাদি গ্রামের সালাউদ্দিনের সাথে।
এই দম্পতির পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। হালিমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার সন্তান জন্মদানের তারিখও নির্ধারিত হয়েছিল। এরই মধ্যে দেখা দেয় পারিবারিক কলহ।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায় হালিমা বেগমকে। খবর পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে; এটি হত্যা না আত্মহত্যা।
