নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় নগরীর চাষাড়া মহিলা কলেজের সামনে থেকে নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত জনি ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডে জুনিয়র কিউআই পদে চাকরি করতেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর প্রাগপুর।
চাষাড়া রেলস্টেশনের দ্বাররক্ষী সিরাজুল ইসলাম বলেন, শনিবার ভোর সাড়ে ৫টায় দায়িত্বে আসলে রেললাইনের পাশে কাঁধে ব্যাগ থাকা একজন যুবকের লাশ পড়ে থাকতে দেখি। পরে স্টেশন মাস্টারকে জানালে তিনি রেলওয়ে পুলিশ পাঠান।
চাষাড়ায় রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, ‘চাষাড়া রেললাইনে সরকারি মহিলা কলেজের সামনে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার কাঁধে একটি ব্যাগ ছিল, পরে তল্লাশি চালিয়ে ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পদ উল্লেখ করা পরিচয়পত্র পাই। পরিচয়পত্রে জরুরি নম্বরে ফোন করে কথা হয় নিহতের ভাই হাবিবুর রহমান হাবিবের সঙ্গে।
তিনি জানান, শুক্রবার রাত ৭টায় নারায়ণগঞ্জ ফতুল্লা বিসিকের উদ্দেশে কুষ্টিয়া থেকে বাসে উঠেছিলেন জনি।’
পুলিশের ধারণা, শুক্রবার দিনগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে চাষাড়ায় বাস থেকে নেমে সরকারি মহিলা কলেজের সামনে যানবাহনের অপেক্ষাকালে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন জনি।
এ সময় তাদের ধস্তাধস্তির কারণে একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় যেকোনো এক সময় তিনি মারা যান।
এসআই মোকলেছুর আরও বলেন, পোশাকশ্রমিক জনির লাশ উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে থানায় মামলা এবং লাশের ময়নাতদন্ত হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলবে।
