আসিফ-কবীর সুমন ডুয়েট 'এই আকবর ঐ সুমন' অবমুক্ত

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৮:২৮ পিএম

আসিফ এখন একান্নোয়/কবির চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর…এভাবেই শুরু হলো আড়াই মিনিটের একটা গান। বাংলা গানের জীবন্ত কিংবদন্তি কবীর সুমন এবং বাংলা গানের যুবরাজ আসিফ আকবর একসাথে গাইলেন অনন্য এই ডুয়েট গানটি। 

আজ সন্ধ্যা ৭টার কিছু পর শিল্পী আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় গানটি। গানটির কথা ও সুর করেছেন কবীর সুমন এবং সংগীত আয়োজন করেছেন উজ্জল সিনহা।

'এই আকবর ঐ সুমন' গানটির স্টুডিও ভার্সন অবমুক্ত করা হয়েছে। গানটি বাংলা ঢোল স্টুডিওতে ধারণ করা হয়েছে। 

image
আসিফ ও কবীর সুমন। ছবিটি কবীর সুমনের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় তোলা। ছবি : ইয়ামিন ইলান

৫ দিন আগে এই গানটি এবং সহশিল্পী কবীর সুমন সম্পর্কে এক ফেসবুক পোস্টে আসিফ লেখেন, কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্র সঙ্গীতজীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনোদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো সবার দোয়া ছিল… মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন।

দুই বাংলার অন্যতম শীর্ষ দুই শিল্পীর গানটি আপনিও শুনতে পারেন...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত