পার্ক দ্য প্রিন্সেসে ১-২ গোলে পিছিয়ে পড়া দলকে ৫৫ মিনিটে সমতায় ফেরালেন লিওনেল মেসি। পরে নেইমারকে দিয়ে গোল করালেন। এমবাপের পেনাল্টিতে ত্রয়েসের বিপক্ষে পিএসজি ৪-৩ গোলের জয় নিশ্চিত করেছে লিগ ওয়ানে। এ নিয়ে পিএসজির টানা ৩ ম্যাচে গোল করলেন মেসি। সঙ্গে অ্যাসিস্ট তো আছেই। বিশ^কাপের আগে দারুণ ফর্মে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সব মিলিয়ে মৌসুমে ১৭ ম্যাচে ১২ গোল, ১৩ অ্যাসিস্ট মেসির।
খেলা শুরুর তিন মিনিটেই গোল হজম করে প্যারিসের দলটি। ত্রয়েসের মামাদু বালদে গোল করেন। গোল শোধে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ২৪ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল শোধ দেন মিডফিল্ডার কার্লোস সোলের। ৪০ থেকে ৪২ মিনিটে পিএসজির তিনটি আক্রমণ ঠেকিয়ে দেন ত্রয়েস গোলরক্ষক গুতিয়ের গালন। প্রথমে ৪০ মিনিটে নেইমারের ফ্রি-কিক কোনোমতে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। পরের মিনিটেই মেসির হেড করা বল কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। ৪২ মিনিটে ঠেকান বক্সের বাইরে থেকে করা ভাতিনহার শট। ৫২ মিনিটে মামাদুর দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় ত্রয়েস। তিন মিনিট পর বক্সের বেশ বাইরে থেকে আচমকা বাঁ পায়ের শট নেন মেসি। বল বাঁক খেয়ে জালে জড়ায়। ৬২ মিনিটে মেসির বুদ্ধিদ্বীপ্ত থ্রু পাস ধরে কোনাকুনি শটে নেইমার লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। ৭৫ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। বুলেট গতির স্পট কিকে গোলের খাতায় নাম তোলেন এমবাপে। ৮৮তম আন্তে পালাভেরসা হেডে স্কোরলাইন ৪-৩ করলে ফের জমে ওঠে ম্যাচ। কিন্তু বাকি সময়ে আর পেরে ওঠেনি ত্রয়েস। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পিএসজি।
ইপিএলে টানা দুই ম্যাচ ড্রয়ের পর গতকাল ব্রাইটনের বিপক্ষে খেলতে নেমেছিল চেলসি। নিজেদের মাঠে ব্রাইটন ৪-১ গোলে হারিয়েছে চেলসিকে। ব্রাইটনের ৪ গোলের দুটি ছিল আত্মঘাতী। অপর ম্যাচে টটেনহাম ৩-২ গোলে হারায় বোর্নমাউথকে। ম্যানসিটি ১-০ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। দারুণ ফ্রি-কিকে গোলটি করেন কেভিন ডি ব্রুইনে। এই জয়ে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ উঠেছে সিটিজেনরা।
