নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
রোমান জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোমান গত ২৯ অক্টোবর রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রাত ১০টার দিকে তার মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
রোমান ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে তিনি নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ২৭ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন তিনি। পদ প্রাপ্তির তিন দিন পরই ডেঙ্গুজ্বরের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন।
