যেভাবে ব্রিসবেনের স্বাভাবিক পরিসংখ্যান বদলে দিলেন তাসকিনরা

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৩৮ এএম

পাথরের মতো শক্ত উইকেট, সঙ্গে পেসারদের বাউন্স। তাতে নাকাল হন ব্যাটাররা। অস্ট্রেলিয়াতে এটাই স্বাভাবিক। তবে ব্রিসবেনের ক্রিকেট গ্রাউন্ড দেশটিতে একটু আলাদা। এখানে পেসারদের পেলেই ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফোয়ারা ছুটে। এই মাঠে ব্যাটারদের কেবল অফ স্পিনাররাই কাবু করতে পারেন। এজন্য সাকিব-মুজিবদের জন্য এ মাঠের উইকেট যেন স্বর্গরাজ্য। কিন্তু টাইগার পেসাররা এই মাঠেরর সব পরিসংখ্যানই বদলে দিয়েছিলেন। যেভাবে হওয়ার কথা ছিল না, সেটাই জিম্বাবুয়ের সঙ্গে হয়ে গিয়েছিল।

ব্রিসবেনের মাঠটি গ্যাবা নামেই সবার কাছে পরিচিত। এ মাঠের অতীত পরিসংখ্যান বলছে, ব্যাটাররা এখানে বেশি কাবু হয়েছেন অফস্পিনারদের কাছে। আর সবচেয়ে বেশি খরুচে পেসাররা। বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরুর আগ পর্যন্ত গ্যাবায় পেসারদের ইকোনমি ৮.৬৫। লেগ স্পিনাররা যেখানে বল করেছেন ৭.১১ ইকোনমিতে। তবে অফস্পিনারদের ইকোনমি সবচেয়ে ভালো, ৬.৬৮।

তবে গত ৩০ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে পেসার-স্পিনাররা সেই পরিসংখ্যানে গরমিল করে দিয়েছেন। গ্যাবাতে তাসকিন ওভারপ্রতি রান খরচ করেছেন ৪.৭৫। আর মোস্তাফিজ দিয়েছেন ৩.৭৫ রান করে। কেবল হাসান মাহমুদ ওভারপ্রতি ৯ রান দিয়ে মাঠে পেসারদের স্বাভাবিকতা বজায় রাখেন। আর টাইগার ফিঙ্গার স্পিনার সাকিব ও মোসাদ্দেক দুজনেই ওভারপ্রতি ৮.৫০ রান করে দিয়ে তালগোল পাকিয়েছেন।

অস্ট্রেলিয়াতে এখন চলছে বসন্তকাল। সূর্যের দেখা মিলছে কালেভদ্রে। বৃষ্টি আর মেঘের দাপটে সূর্য তাপই ছড়াতে পারছে না। এই কন্ডিশনের সুবিধাটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তাতে ব্যাটসম্যানরাও রানের খোঁজে হাপিত্যেশ করছেন।

টাইগাররা পরিসংখ্যানের হিসাবের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন শ্রীলংকার বোলাররাও। লংকান অফস্পিনার মহেশ থিকশানার বলে যেখানে ব্যাটারদের ঘায়েল হওয়ার কথা, সেখানে তিনি নিজেই ব্যাটারদের কাছে পরাস্ত হয়েছেন। লংকান পেসারদের ইকোনমিও ছিল স্বাভাবিক সংখ্যার নিচে। তবে আফগানিস্তানের পেসাররা এ মাঠের স্বাভাবিক নিয়ম বজায় রেখেছিলেন। ফরিদ আহমেদ ও গুলাবদিন নাইব ওভারপ্রতি সাড়ে ১২ ও ১২ রান করে খরচ করেছেন। মুজিব-উর রহমানও উইকেটের স্বাভাবিক সুবিধাই পেয়েছেন।

এছাড়া স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আয়ারল্যান্ড ঠিকই ধারাবাহিকতা বজায় রেখেছেন এখানে। গতকাল মার্ক অ্যাডায়ার ৪ ওভারে ৫৯ রান দিয়েছেন। আইরিশ লেগ স্পিনার গেরাথ ডেলেনি ওভারপ্রতি প্রায় ১০ রান করে খরচ করেছেন। বিপরীতে অফস্পিনার জর্জ ডকরেল কোনো উইকেট না পেলেও ওভারে মাত্র ৬ রান করে খরচ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত