খুলনায় ওএমএসের ১৪ হাজার কেজি চালসহ গ্রেপ্তার ২

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪৪ এএম

খুলনায় সরকারি (ওএমএস) চাল বিক্রির উদ্দেশ্যে নিজেদের বস্তায় ভরার সময় দুজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বড় বাজারের বার্মাশীল রোডের একটি গুদামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে প্রায় ১৪ হাজার কেজি চাল জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন হলেন নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার নাদিম আহমেদ ও পশ্চিম বানিয়াখামার এলাকার রবিউল ইসলাম। তাদের মধ্যে নাদিম আহমেদ ওই গুদামের মালিক।

র‌্যাব সূত্র জানায়, সরকার গরিব ও দুস্থদের জন্য ওএমএসের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করে। সেই চাল গরিব-দুস্থদের কাছে বিক্রি না করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে বিক্রি করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর সদস্যরা নগরীর বার্মাশীল রোডের কয়েকটি গুদাম গোয়েন্দা নজরদারিতে রাখেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার কেজি চাল জব্দ ও দুজনকে আটক করে।

র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি তহন চাকমা বলেন, গরিব মানুষের চাল তারা কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য সরকারি বস্তা থেকে নিজেদের বস্তায় ভরছিল। এ সময় র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ও ২৫ কেজি ওজনের ৩৯০ বস্তা চাল জব্দ করে । এ সময় গুদামের মালিক নাদিম আহমেদ ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত