মতিঝিলে পোশাককর্মীদের দিনভর অবরোধ, যানজট

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:১৫ এএম

কারখানা অন্য স্থানে স্থানান্তরের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মতিঝিলের কমলাপুরের অলিও গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার দিনভর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সড়ক থেকে সরে যেতে বলা হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা দেন। শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকায় প্রচ- যানজট দেখা দেয়।  তবে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনো গাড়ি ভাঙচুর করেরনি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টার দিকে কমলাপুর অলিও গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। যানজট আরামবাগ, ফকিরাপুল ও পল্টন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অফিসগামী লোকজন প্রচ- ভোগান্তির মধ্যে পড়েন। অনেকেই হেঁটে গন্তব্যে যান। সড়কে আটকে পড়া গাড়িগুলো পুলিশ উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছিল।

সুমন নামে এক বিক্ষুব্ধ শ্রমিক জানান, মতিঝিল মডেল হাইস্কুলের সামনে অলিও গার্মেন্টস নামের ওই পোশাক কারখানাটি কয়েক মাস আগে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। তারা নতুন করে উত্তরায় কারখানা চালু করেছে। কিন্তু বন্ধ থাকার সময় যে বেতন বকেয়া পড়েছে, সেটা পরিশোধ করেনি।

শামসুল নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা আমাদের বকেয়া বেতনের দাবিতে মালিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। কিন্তু কোনো আশ^াস পাইনি।’

গতকাল রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার মো. হায়াতুল ইসলাম খান জানান, পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ঘিরে রেখেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত