ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

অ্যাডিলেডে বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বোলিংয়ে শক্তি বাড়াতে সৌম্য সরকারের জায়গায় একাদশে যোগ করা হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

বাংলাদেশের মতো একাদশে একটি পরিবর্তন এনেছে ভারতও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া ম্যাচে খেলা দিপক হুড়ার জায়গায় বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে নিয়েছে তারা।

এ ম্যাচে বাংলাদেশ ও ভারত যখন খেলতে নামছে, তখন দুই দলের সামনেই খোলা সেমিফাইনালে খেলার পথ। তিনটি করে ম্যাচ শেষে দুই দলেই দুটি করে জয়।

বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। মাঝে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধাক্কা খায় ভারত।

এখন বাংলাদেশের বিপক্ষেও হেরে গেলে আরও বড় ধাক্কা খেতে হবে ভারতকে। কারণ এতে সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে যাবে তাদের। নিজেরা নির্ভার থেকে প্রতিপক্ষের ওপর থাকা এই চাপের সুযোগটা নিশ্চয়ই নিতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, লিটন দাস, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, আকসার প্যাটেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত