যুগ্ম সচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৩:২৯ এএম

উপসচিব পদে পদোন্নতির এক দিন পর গতকাল বুধবার যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এবার ১৭৫ উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে এখন সরকারের মোট যুগ্ম সচিবের সংখ্যা ৮৮৮। প্রশাসনে যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৫০২টি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৬৫ জন দেশে বিভিন্ন দপ্তরে কর্মরত। এ ছাড়া ১০ জন বিদেশের বিভিন্ন দূতাবাস বা হাইকমিশনে কর্মরত রয়েছেন। যুগ্ম

সচিব পদে এবার নতুন করে ২১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাদের ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এরপর পদায়ন করে নতুন আদেশ জারি করা হবে। তবে এ পদেও পর্যাপ্ত পদ না থাকায় প্রায় সবাইকেই আগের পদে পদায়নের সম্ভাবনা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের ২৫৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সরকারের উপসচিব করা হয়। এ নিয়ে এখন সরকারের উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত