বলিউডে গুঞ্জন, তবু বিয়ের সানাই বাজতে দেরি আছে। শুভাকাঙ্খী ভক্ত-অনুরাগীরা কানাঘুষা করলেও এই তারকা জুটি জানাননি যে তারা বিয়ে করবেন।
তবে গোপন সূত্রে খবর, ইতিমধ্যেই চন্ডীগড়ে বিয়ের অনুষ্ঠানের জায়গা দেখছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী।
কবে বিয়ে, এখনও জানা না গেলেও কানাঘুষো শোনা গেল, পরের বছর এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন জুটি। তাহলে এত আগে থেকে বিয়েবাড়ি দেখছেন কেন? আগেই বিয়ে? সে নিয়ে নতুন করে জল্পনা শুরু অনুরাগীদের।
মুম্বাইয়ের এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের খোঁজখবর করেছেন সিড-কিয়ারা। যেখানে বিয়ে করেছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা।
সূত্র আরও জানায়, কিয়ারা এবং সিদ্ধার্থ শুরুতে গোয়ায় জায়গা দেখছিলেন। কিন্তু সিদ্ধার্থের পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে, গোয়াতে সাত পাক ঘোরার পরিকল্পনা বাদ দেওয়া হয়েছিল। আপাতত নজর চণ্ডীগড়েই।
কয়েক বছর ধরেই নাকি প্রেম গাঢ় হচ্ছিল সিদ্ধার্থ-কিয়ারার। অথচ প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। তাদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়, প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’
তবে মাস দুই আগে কফির আড্ডায় করণ জোহর সিদ্ধার্থের পেট থেকে কথা বের করেন। স্পষ্ট বোঝা যায়, শুধু প্রেম নয়, বিয়ে অবধি এগিয়েছেন এই জুটি। তারপর ‘বিগ বস ১৬’-তেও সালমান খান বিয়ে উপলক্ষে সিদ্ধার্থকে সরাসরি শুভেচ্ছাবার্তা জানান।
