উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে জাপানজুড়ে সতর্কতা

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

একটি দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নতুন করে আরও তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, এরমধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া এবং জাপানের উত্তরাঞ্চলীয় অনেক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনটির মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাতিসংঘের নির্ধারণ করে দেয়া সমুদ্রসীমা অতিক্রম করেছে। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে সম্ভবত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) রয়েছে।

সকালে কিশিদার কার্যালয় জাপানের মিয়াগি, ইয়ামাগাটা এবং নিগাতার উত্তর ও কেন্দ্রীয় প্রিফেকচারের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে। এসময় বাসিন্দাদের ভবন বা ভূগর্ভে আশ্রয় নিতে নির্দেশ দেয়া হয়। ওই অঞ্চলে বুলেট ট্রেন পরিষেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়।

ঘটনার নিন্দা জানিয়ে কিশিদা বলেন, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষোভের জন্ম দিয়েছে, যা একেবারে ক্ষমার অযোগ্য। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্রও বলেছেন, এ উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে এ ঘটনায় কোরীয় উপদ্বীপসহ পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।  

এর আগে বুধবার অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম প্রশাসন। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে পড়ে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-ইওল এ ঘটনাকে ‘ভূখণ্ডগত সীমালঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন।

চলতি বছরের শুরু থেকে উত্তর কোরিয়া নজিরবিহীন বিরতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। গেলো শুক্রবারও দেশটি জাপান সাগরের দিকে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত