গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটে অনিয়মের কারণে বন্ধ হওয়া ৫১ কেন্দ্র বাদে বাকি ৯৪ কেন্দ্র নিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (৫ নভেম্বর) সকালে সিসি ক্যামেরার মাধ্যমে ফরিদপুর-২ আসনের উপনির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, গত ১২ অক্টোবর দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুরো ভোট বন্ধ ঘোষণা করেন। এরপরই আলোচনায় আসেন নির্বাচন কমিশন।
সিইসি বলেন, ইসি কেবল বন্ধ হওয়া ৫১টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সিসিটিভি দেখে বাকি ৯৪টি কেন্দ্র বিশ্লেষণ করতে কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারপর সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।
গাইবান্ধা-৫ এর উপনির্বাচন বন্ধ করার পর এর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয় নানা মহলে। আবার প্রশ্নও উঠে। তবে নির্বাচন কমিশন জানায়, ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ ছিল না বলে বন্ধ হয়েছিল ভোটগ্রহণ। আরপিওর ক্ষমতাবলে ইসি ভোট বন্ধ করেছে বলে জানায়।
