সেমিতে খেলতে দ. আফ্রিকার সামনে যে সমীকরণ

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৫:০১ পিএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা জানান দিয়েছিল অনেক দূর যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া নিজেদের প্রথম ম্যাচেও দুর্দান্ত ছিল তারা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারের পর প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিত করাই এখন শঙ্কার মুখে। টেম্বা বাভুমার দল শেষ চারে খেলতে পারবে তো?

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ থেকে এখনও কোনো দলের শেষ চার নিশ্চিত নয়। এ উত্তর মিলবে রবিবার সুপার টুয়েলভ পর্বের শেষ দিন।

গ্রুপ দুই থেকে মোট চারটি দল আছে সেমিফাইনালের লড়াইয়ে- ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ। চার দলই মাঠে নামবে রবিবার।

অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ৬টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। একই ভেন্যুতে সকাল ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আর মেলবোর্নে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ভারতের।

গ্রুপে এখন যে চিত্র তাতে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা পাকিস্তান ও চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট সমান ৪।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের পয়েন্ট ৩, নেদারল্যান্ডসের ২। এই দুই দলের শেষ চারের সম্ভাবনাই শেষ হয়ে গেছে।

টেবিলের যা চিত্র তাতে সেমিফাইনাল খেলতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার যে কোনো ব্যবধানে জিতলেই হবে। সে ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৭। পাকিস্তান বা বাংলাদেশ কারও সাত পয়েন্ট হওয়ার সুযোগ নেই।

ভারত যদি জিম্বাবুয়েকে হারায় তবে গ্রুপসেরা হয়েই সেমিতে যাবে তারা। দক্ষিণ আফ্রিকা হবে গ্রুপ রানার্সআপ।

হেরে গেলেও ভারতের অবশ্য সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা নিজেদের ম্যাচে জিতলে গ্রুপসেরা হবে। তখন ভারতের ভাগ্য নির্ধারণ হবে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ফলের ওপর। এ ম্যাচের জয়ী দল ও ভারতের মধ্যে যাদের নেট রানরেট ভালো থাকবে তারাই সেমিতে যাবে।

হারলে দক্ষিণ আফ্রিকারও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নির্ভর করতে হবে ভাগ্য ও অন্য ম্যাচের ফলের ওপর। তাদের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলেও বিপদ। পাকিস্তান তখন বাংলাদেশকে হারালেই সেমিতে চলে যাবে।

যদিও দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সমান পয়েন্ট হবে সে ক্ষেত্রে। কিন্তু ম্যাচ জয়ের সংখ্যায় এগিয়ে থাকায় সেমিতে চলে যাবে পাকিস্তান।

আরও পড়ুন

যেভাবে সেমির সমীকরণ মেলাতে পারে পাকিস্তান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত