টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বড়সড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন শ্রীলঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি।
সিডনির টিম হোটেল থেকে রবিবার ভোরে শুনাথিলাকাকে গ্রেপ্তার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
২৯ বছর বয়সী এক নারী গত সপ্তাহে গুনাথিলাকার বিরুদ্ধে করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে এই পদক্ষেপ নিয়েছে তারা।
বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে, মতের বিরুদ্ধে ওই নারীর সঙ্গে চারবার যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে গুনাথিলাকার বিরুদ্ধে।
গুনাথিলাকা বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তার জায়গায় আশেন বান্দারাকে স্কোয়াডে নিয়েছিল শ্রীলঙ্কা। তবে দলের সঙ্গেই অস্ট্রেলিয়াতে ছিলেন গুনাথিলাকা।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করেছে শ্রীলঙ্কা। গ্রেপ্তার হওয়ায় গুনাথিলাকা রেখেই দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা দল।
২০১৫ সালে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গুনাথিলাকার। এখন পর্যন্ত ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
