আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরের জোড়ামণ্ডপে অনুষ্ঠিত হবে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ১৮০তম মহারাসলীলা। ওই দিন বিকেলে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি ভবন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
স্থানীয় সাংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে গড়ে ওঠা মণিপুরী ললিতকলা একাডেমির নবনির্মিত নান্দনিক ভবনের কাজ সমাপ্ত শেষে দীর্ঘ প্রতীক্ষায় নতুন ভবন ব্যবহারের জন্য অধীর আগ্রহে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ভবনটির জন্য দীর্ঘদিনের প্রত্যাশা ছিল উপজেলার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সাংস্কৃতিমনা সকলের।
মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, 'নতুন ভবনের কার্যক্রম পুরোদমে শুরু হলে এ এলাকার শিল্প-সংস্কৃতি চর্চা আরো গতিশীল হবে।'
